ফুলবাড়ীতে ফেনসিডিল ও একটি ট্রাকসহ ২ জনকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
সোমবার ভোরে ঢাকা মোড় এলাকায় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ঠাকুরগাঁ জেলার রানীসংকর উপজেলার সাদারই গ্রামের আব্দুল কাদেরের ছেলে হাছান আলী ও ট্রাকচালক একই জেলার হরিপুর উপজেলার সহুচাদ গ্রামের আব্দুল বাছেদের ছেলে আবুল হোসেন।
ফুলবাড়ী থানার ওসি এবিএম রেজাউল ইসলাম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাতে দিনাজপুরগামী একটি ট্রাককে ধাওয়া করে বিরামপুর থানা পুলিশ। কিন্তু তারা ট্রাকটিকে আটক করতে না পেরে ফুলবাড়ী থানায় খবর দেয়। এ সময় ওসিসহ ফুলবাড়ী থানার এসআই শাহ আলম, এসআই রফিক, এসআই আক্তার হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ ফুলবাড়ী পৌর শহরের ঢাকা মোড় এলাকায় ট্রাকটিকে আটক করা হয়। ওই ট্রাকটি তল্লাশি চালিয়ে বিশেষভাবে লুকিয়ে রাখা ১১৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় ট্রাকের চালক আবুল হোসেনসহ হাছান আলীকে আটক করা হয়।
বিরামপুর থানার এসআই আহসানুর রহমান বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছে।
ঢাকা, ৪ আগস্ট (টাইমনিউজবিডি.কম) // জেআই





