আশুলিয়ায় তিতাস গ্যাস লাইনের একটি সঞ্চালন পাইপ বিস্ফোরণের ঘটেছে। এতে দগ্ধ হয়েছে তিন জন। তাদের ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে প্রেরণ করা হয়েছে।
সোমবার রাত ১০টার দিকে আশুলিয়ার দোসাইদ এলাকায় এই ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- আপন, আনোয়ারুল ও কামাল। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. একরামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে আশুলিয়া শিল্পাঞ্চলের দোসাইদ এলাকার সাঙ্গু টেক্সটাইলের পাশে তিতাস গ্যাস লাইনের একটি সঞ্চালন পাইপে বিস্ফোরণ ঘটে। এ সময় ঘটনাস্থলের পাশের একটি চায়ের দোকানে বসে থাকা ৩ জন দগ্ধ হয়। পরে তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটি প্রেরণ করা হয়।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, আগুনের খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে, এ ঘটনার পর তিতাস গ্যাসের সাভার অফিসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে কেউ কথা বলতে রাজি হয়নি।
এমই





