আরও এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে নওগাঁর সাপাহার উপজেলার হাপানিয়া সীমান্তের ২৩২ নম্বর মেইন পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওই বাংলাদেশির নাম জহুরুল ইসলাম (৩৮)। তিনি নওগাঁর পোরশা উপজেলার দুয়ারপাল পশ্চিমপাড়ার আব্দুল লতিফের ছেলে বলে জানা গেছে। জহুরুল গরু ব্যবসা করতেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, বুধবার রাতে স্থানীয় একদল গরু ব্যবসায়ী হাঁপানিয়া সীমান্তে গরু আনতে যান। ভোরে সীমান্তের ২৩২ নম্বর মেইন পিলার এলাকায় বিএসএফ সদস্যরা বাংলাদেশি ব্যবসায়ীদের লক্ষ্য করে গুলি ছোড়ে।
এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই জহুরুল ইসলামের মৃত্যু হয়। সকালে খবর পেয়ে নিহতের স্বজনরা মৃতদেহ উদ্ধার করে আনেন।
তবে এ বিষয়ে নিশ্চিত হতে পারেননি বলে জানিয়েছেন ১৪ বিজিবির (পত্নীতলা) কমান্ডিং অফিসার রফিকুল হাসান।
এআর





