হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে অবহেলা, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সতর্কবার্তা দিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, কোনো ব্যক্তি, এজেন্সি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

আজ (০২ জুলাই) মঙ্গলবার রাজধানীর আশকোনা হাজি ক্যাম্পে হজ কার্যক্রম-২০১৯ এর উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এইসব কথা বলেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি হজযাত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেন।

রাষ্ট্রপতি বেসরকারি হজ এজেন্সিগুলোর উদ্দেশে বলেন, “হজযাত্রীদের মাধ্যমে আপনারা ব্যবসা করেন। তাই ব্যবসার নামে প্রতারণা করবেন না। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর।”তিনি সতর্ক করে দেন যে কারও বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে সরকার কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে পিছপা হবে না।

হজ ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত সরকারি কোনো কর্মকর্তা ও কর্মচারীর দায়িত্ব পালনের ক্ষেত্রে অবহেলা, অনিয়ম ও দুর্নীতি পরিলক্ষিত হলে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি হামিদ। তিনি হজ ব্যবস্থাপনায় বেসরকারি হজ এজেন্সিগুলোর ভূমিকার প্রশংসা করেন।

রাষ্ট্রপতিবলেন,“হজযাত্রীদের ৯৫ শতাংশের বেশি হজ এজেন্সিগুলোর মাধ্যমে সৌদি আরব গমন করে থাকেন। অতীতের অভিজ্ঞতা থেকে দেখা যায়, অনেক এজেন্সি যেসব সুযোগ-সুবিধার কথা বলে হাজিদের মক্কা-মদিনায় নিয়ে যান, ওখানে যাওয়ার পর তা আর রক্ষা করেন না। ফলে হাজিদের অবর্ণনীয় দুর্দশার মধ্যে পড়তে হয়।”

এমবি