ফরিদপুরের সদরপুরে টিটু চৌধুরী (৩৮) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করেছে পুলিশ। এরা হলেন- সুফিয়া বেগম (৬৫) ও তার নাতনি নিপা আক্তার (১৪)।
শুক্রবার (১৫ এপ্রিল) দিনগত রাত ১২টার দিকে উপজেলার আকোটেরচর ইউনিয়ন থেকে লাশ উদ্ধার করা হয়।
টিটু চৌধুরী উপজেলার আকোটেরচর ইউনিয়নের নতুন সাহেবেরচর গ্রামের ছত্তার চৌধুরীর ছেলে।
পুলিশ জানায়, উপজেলার আকোটেরচর ইউনিয়নের নতুন সাহেবেরচর ছত্তার চৌধুরীর ডাঙ্গী গ্রাম সুফিয়া বেগমের বাড়ি থেকে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
সুফিয়া বেগম বলেন, ‘আমি রাত আনুমানিক ১০টার দিকে হঠাৎ একটা গুলির শব্দ শুনতে পাই। পরে আমি ও আমার নাতনি উঠে দেখি আমার বাড়ির উঠানে টিটু চৌধুরীর লাশ পড়ে আছে।‘
শনিবার সকালে ময়না তদন্তের জন্যে লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ জানান, এখনও ঘটনার প্রকৃত রহস্য জানা যায়নি। ঘটনাটি হত্যা না আত্মহত্যা তাও বলা যাচ্ছে না। নিহতের পরিবার থেকে কোনো মামলা দায়ের করা হয়নি।
এম আর





