নাটোরে মৌমিতা আক্তার মৌ নামে ৫ম শ্রেণির এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বনবেলঘড়িয়া বাইপাস এলাকার তার বাড়ির অদূরে একটি পাট ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মৌমিতা আক্তার মৌ একই এলাকার মোমিন উদ্দিনের মেয়ে। সে বনবেলঘড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী ছিল।

নাটোর সদর থানার উপ-পরিদর্শক মাসুদ হাসান ও এলাকাবাসী জানান, সোমবার দুপুরে মৌমিতা বাড়িতে খাওয়া দাওয়া করে একই এলাকায় বড় বোনের বাড়িতে যাওয়ার জন্য বের হয়। কিন্তু বিকেল পর্যন্ত মৌমিতা তার বড় বোনের বাড়ি না পৌঁছালে পরিবারের সদস্যরা তার খোঁজাখুজি করতে থাকে।

এদিকে সন্ধ্যার দিকে কয়েকজন কৃষক কলাবাগানে কাজ শেষে ফিরার পথে পাট ক্ষেতে কলা পাতা দিয়ে ঢেকে রাখা একটি মানুষের পা দেখতে পায়। পরে বিষয়টি স্থানীয়রা পুলিশকে জানালে পুলিশ গিয়ে পাতা সরিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৌমিতাকে শ্বাসরোধে হত্যার পর কলা পাতা দিয়ে ঢেকে রাখা হয়েছিল। তবে এঘটনায় এখনও কোন অভিযোগ দায়ের করেনি নিহতের পরিবার। অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানায় পুলিশ।

এমএনজে