জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন বিমান ‘ধ্রুবতারা’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়াও কেরানীগঞ্জে মহিলা কেন্দ্রীয় কারাগার, দেশের বিভিন্ন স্থানে নবনির্মিত ২০টি ফায়ার স্টেশন, জেলা সদরে নবনির্মিত ৬টি আঞ্চলিক পাসপোর্ট অফিস এবং একটি এলপিজি স্টেশন উদ্বোধন করেছেন তিনি।

আজ (২৭ ডিসেম্বর) রোববার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

ধ্রুবতারার উদ্বোধন উপলক্ষে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের যুক্ত হন প্রধানমন্ত্রী।

কানাডার প্রখ্যাত নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ড নির্মিত ৭৪ আসন বিশিষ্ট ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজটি পরিবেশবান্ধব ও অত্যাধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ। এ উড়োজাহাজের এইইপিএ (হাই-ইফিশিয়েন্সি পার্টিকুলেট এয়ার) ফিল্টার প্রযুক্তি মাত্র ৪ মিনিটেই ব্যাকটেরিয়া, ভাইরাসসহ অন্যান্য জীবাণু ধ্বংসের মাধ্যমে উড়োজাহাজের অভ্যন্তরের বাতাসকে করে সম্পূর্ণ বিশুদ্ধ, যা যাত্রীদের করবে অধিকতর সতেজ ও নিরাপদ। এছাড়াও এ উড়োজাহাজে রয়েছে পর্যাপ্ত লেগস্পেস, এলইডি লাইটিং ও প্রশস্ত জানালা, যে কারণে ভ্রমণ হয়ে উঠবে অধিক আরামদায়ক।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর থেকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

এর আগে গত ২৪ নভেম্বর দেশে আসে বিমানটি। এটিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত করা হয়। বিমানটির নাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাখেন ‘ধ্রুবতারা’। এই উড়োজাহাজ যুক্ত হওয়ার মধ্য দিয়ে বিমান বহরে উড়োজাহাজের সংখ্যা এখন ১৯।

বিমান বাংলাদেশ জানিয়েছে, বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জি-টু-জি ভিত্তিতে ক্রয় করা তিনটি উড়োজাহাজের মধ্যে দ্বিতীয় ও তৃতীয় ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ দুটি যথাক্রমে জানুয়ারি ও ফেব্রুয়ারি ২০২১-এ বিমান বহরে যুক্ত হবে।

বিমানের বহরে রয়েছে, চারটি ৭৮৭-৮ ড্রিমলাইনার, দুইটি ৭৮৭-৯ ড্রিমলাইনার, চারটি ৭৭৭-৩০০ ইআর, চারটি ৭৭৭-৩০০ ইআর, ছয়টি ৭৩৭-৮০০ এবং তিনটি ড্যাশ আট উড়োজাহাজ।

বিমানের তিনটি ড্যাশ উড়োজাহাজ ছাড়া বাকি সবই উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের তৈরি। ১৯টি উড়োজাহাজের মধ্যে ছয়টি উড়োজাহাজ বিভিন্ন মেয়াদে লিজে নেওয়া, বাকিগুলো বিমানের নিজস্ব।

এমবি