বাংলাদেশে সিটি করপোরেশন নির্বাচন যেন স্বচ্ছ, অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য হয় তা নিশ্চিত করতে জাতিসংঘ মহাসচিব বান কি-মুন সংশ্লিষ্ট সকল প্রাতিষ্ঠানিক কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছেন।
শনিবার জাতিসংঘের এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তরে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র একথা বলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে গত কয়েক সপ্তাহে সহিংসতা কমে আসার বিষয়টিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ।
এতে বলা হয়, ২৮ এপ্রিল অনুষ্ঠেয় সিটি করপোরেশন নির্বাচনে বিরোধী দলের অংশগ্রহণের সিদ্ধান্তে আশান্বিত সংস্থাটির মহাসচিব বান-কি মুন।
মহাসচিব আরো আশা প্রকাশ করেছেন যে, শিগগিরই বাংলাদেশের রাজনৈতিক দলগুলো দেশের দীর্ঘমেয়াদী উন্নয়ন এবং স্থিতিশীলতার স্বার্থে নিজেদের মতপার্থক্য মিটিয়ে ফেলার পথ খুঁজে পাবে।
জাতিসংঘ এ লক্ষ্যে বাংলাদেশকে অব্যাহতভাবে সহায়তা করতে বদ্ধপরিকর বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
এআর





