বরিশালের মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রবি‌উল হাওলাদার (২০) নামে এক যুবক নিহত হ‌য়ে‌ছে‌ন।

এ ঘটনায় শরিফুল (২০) নামে আরও এক যুবক আহত হয়েছেন। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকা‌ল সা‌ড়ে ১০টায় উপজেলার বাটামারা ইউনিয়নের সেলিমপুর বন্দরে এ ঘটনা ঘ‌টে।

রবিউল ওই ইউনিয়নের তয়কাটুমচর গ্রামের বজলুর রহমান হাওলাদারের ছেলে। বাটামারা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মজিবুর রহমান জানান, বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সেলিমপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলা নিয়ে টুমচর ও সেলিমপুরের যুবকদের মধ্যে কথাকাটাকাটি হয়।

বিষয়টি মিমাংসার জন্য সকালে স্থানীয়রা সেলিমপুর বাজারে তাদের ডাকে। এসময় তাদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে রবিউল ঘটনাস্থলেই নিহত ও শরিফুল আহত হন।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিন) মতিউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ফোর্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

এমএনজে