আগামীকাল উদ্বোধন করা হবে বিশ্বের সবচেয়ে বড় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ঢাকা মেডিকেলের পাশে বিশেষায়িত এই প্রতিষ্ঠানে থাকছে আধুনিক সব চিকিৎসা সুবিধা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নামকরণ করা এই ইনস্টিটিউট দেশের চিকিৎসা সেবায় নতুন দিগন্তের সূচনা করবে বলে মনে করেন প্রকল্প সংশ্লিষ্টরা।

সর্বাধুনিক চিকিৎসা সরঞ্জাম, উন্নত প্রযুক্তি। ২৪টি ডাবল, ২৮টি সিঙ্গেল কেবিনসহ ৫০০ শয্যা। থাকছে একই সঙ্গে ১০ জন রোগীর অস্ত্রোপচারের ব্যবস্থা।

বাংলাদেশে প্রথম স্কিন ব্যাংকসহ নানা সুবিধা সম্বলিত বিশ্বের সবচেয়ে বড় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হচ্ছে ঢাকায়। সতের তলা ভবনে ছয় লাখ বাষট্টি হাজার স্কয়ার ফুট আয়তনের এ ইনস্টিটিউটে থাকছে হেলিপ্যাডও।

২০১৬ সালের এপ্রিলে বিশেষায়িত এই ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার দুই মাস আগেই প্রস্তুত শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ২৪ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধন করবেন।

এই ইনস্টিটিউটে সেবার পাশাপাশি থাকছে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থাও জানালেন শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক ডা. আবুল কালাম আজাদ।

চিকিৎসা সেবায় এটি বিশ্বমানের হবে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

উদ্বোধন হলেও এই ইনস্টিটিউটে সেবা নিতে অপেক্ষা করতে হবে আরো ছয় মাস।

এসএম