টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো অন্তত ২৫ জন।
আজ শনিবার সন্ধ্যা ৬টায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার নরকোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। হতাহতদের নাম-পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি।
মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার লাভলু তরফদার জানান, প্রান্তিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ময়মনসিংহ থেকে টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। নরকোনায় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় প্রায় ৩০ জন যাত্রী আহত হয়।
আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন বলে জানান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা।
এ ছাড়া কয়েকজনের অবস্থার অবনতি হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এমবি





