গোপালগঞ্জের মুকসুদপুরে বাসচাপায় আরোজ আলী (৪৫) নামে এক বাস শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (১৭ মার্চ) দুপুরে মুকসুদপুর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কলেজ মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত বাস শ্রমিক আরোজ আলীর বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রামে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া জানান, দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ফাল্গু‌নী প‌রিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-৪২২৩) একটি যাত্রীবাহী বাস কলেজ মোড়ে এলে চলন্ত গাড়িতে ওঠার চেষ্টা করেন ওই শ্রমিক। এ সময় পা-পিছলে তিনি পড়ে গিয়ে বাসের চাকার নিচে পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

এমবি