রাজধানীর গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার বর্ষপূর্তিতে নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছে জাপান ও ইতালি দূতাবাস।

শনিবার সকালে জাপানের রাষ্ট্রদূত মাশাতো ওয়ানাতাবে এবং ইতালির রাষ্ট্রদূত মারিও পালমার নিজ নিজ দেশের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

সকাল ৮টার কিছু পরে প্রথমে শ্রদ্ধা জানাতে আসেন জাপানের রাষ্টদূত মাশাতো ওয়ানাতাবে এবং উন্নয়ন সহযোগী সংস্থা জাইকার বাংলাদেশের আবাসিক প্রতিনিধি মিকিও হাতাডেয়া। তারা শ্রদ্ধা স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেই হলি আর্টিজান ত্যাগ করেন।

এদিকে বেলা ১১টার দিকে রাষ্ট্রদূত মারিও পালমার নেতৃত্বে ইতালির প্রতিনিধি দল শ্রদ্ধা জানান।

২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কের হলি আর্টিজান বেকারি অ্যান্ড রেস্তোরাঁয় একদল জঙ্গির হামলায় দুই পুলিশ কর্মকর্তা ও ১৭ বিদেশিসহ ২২ জন প্রাণ হারান। পরদিন সকালে কমান্ডো অভিযান চালিয়ে হলি আর্টিজানের নিয়ন্ত্রণ নেয় নিরাপত্তা বাহিনী। অভিযানে নিহত হয় ৬ জঙ্গী।

ওই জঙ্গি হামলায় ৯ জন ইতালিয়, ৭ জন জাপানি ও একজন ভারতীয় নাগরিক নিহত হন।

নিহত বিদেশিদের মধ্যে অনেকেই বাংলাদেশে বিভিন্ন বড় বড় প্রকল্পে কর্মরত ছিলেন।

আজ নিহত এসব বিদেশিদের স্মরণে তাদের স্বজনরাও ফুল নিয়ে হলি আর্টিজানে সমবেত হন।

তবে পুলিশের বাধায় নিহতদের স্বজনসহ দূতাবাস কর্মকর্তাদের কোনো বক্তব্য এসময় নেয়া যায়নি।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বাসস জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় ইতালি ও জাপানি দূতাবাসের সঙ্গে যৌথ আয়োজনে নানা কর্মসূচি পালন করবে। ইতালির নয় নাগরিকের স্মরণ অনুষ্ঠানে যোগ দিতে ইতালি সরকারের চার সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশে এসেছে। ইতালি দূতাবাস এবং বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে হবে ওই স্মরণ অনুষ্ঠান।

অপরদিকে জাপানের সাত নাগরিকের স্মরণে শোকসভার আয়োজন করছে জাপান দূতাবাস ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

জারিফ