বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও অঙ্কন প্রতিযোগিতাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে সারা দেশে উদযাপন করা হলো আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস।

এ উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ৮টায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উপস্থিতিতে জাতীয় প্রেসক্লাবের সামনে র‌্যালি বের করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

এসময় আরো উপস্থিত ছিলেন- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক মো. বজলুর রহমান, অতিরিক্ত মহাপরিচালক আমির হোসেন প্রমুখ।

এছাড়া র‌্যালিতে বিভিন্ন এনজিও, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

র‌্যালিটি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়। ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে গিয়ে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।

এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের গাজীপুর সার্কেল মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০১৫ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা করেছে।

র‌্যালি শেষে শুক্রবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসন মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন-সিভিল সার্জনের প্রতিনিধি ডা. আলী হায়দার খান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের গাজীপুর সার্কেলের পরিদর্শক ফরহাদ হোসেনসহ অন্যরা।

অপর দিকে সাভারে বেসরকারি প্রতিষ্ঠান কারিতাস প্রচেষ্টা’র উদ্যোগে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০১৫ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

র‌্যালি শেষে শুক্রবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান।

এছাড়াও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান মোল্ল্যা, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস-চেয়ারম্যান রোকেয়া আক্তার, কারিতাস প্রচেষ্টা’র প্রজেক্ট ইনচার্জ ফরিদ আহমেদ প্রমুখ।

 

এমআর/এআর