যশোরে গুলিবিদ্ধ এনজি কর্মী বিশ্বজিৎ মণ্ডলকে (৩০) আশঙ্কাজনক অবস্থায় যশোর জেনারেল হাসপাতাল থেকে ঢাকা অ্যাপোলো হাসপাতালে নেয়া হয়েছে।
রোববার বিকাল ৫ টা ২০ মিনিটে যশোর শামস উল হুমা স্টেডিয়াম থেকে তাকে হেলিকপ্টারযোগে ঢাকা নেয়া হয়।
এর আগে রোববার দুপুর ২টার দিকে যশোর সদর উপজেলার বাওলিয়া মোড়ে তাকে গুলি করে লক্ষাধিক টাকা ছিনতাই করে দুর্বৃত্তরা।
গুলিবিদ্ধ বিশ্বজিৎ যশোরে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্রের একজন মাঠকর্মী। তার বাড়ি যশোরের অভয়নগর উপজেলার পায়রা গ্রামে।
জাগরণী চক্রের সদর উপজেলার ঝুমঝুমপুর শাখা ব্যবস্থাপক নাহিদুল ইসলাম জানান, বাওলিয়া গ্রাম থেকে ক্ষুদ্রঋণের কিস্তির টাকা আদায় করে বিশ্বজিৎ অফিসে ফিরছিলেন। দুপুর ২টার দিকে বাওলিয়া মোড়ে দুর্বৃত্তরা তাকে গুলি করে টাকা ছিনতাই করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক অজয় কুমার সরকার জানান, রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়া তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
যশোর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিকদার আক্কাস আলী জানান, গুলিবিদ্ধ বিশ্বজিৎকে আশঙ্কাজনক অবস্থায় হেলিকপ্টারে ঢাকা অ্যাপোলো হাসপাতালে নেয়া হয়েছে।
জেআই





