সিলেট নগরের সোবহানীঘাট এলাকায় মেহেরপুর হোটেল থেকে এক ব্যবসায়ীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১০টার দিকে সিলেট কোতোয়ালী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত ব্যবসায়ীর নাম শাকিল আহমদ (৩৪)। তিনি দক্ষিণ সুরমার মোগলাবাজারের শ্রীরামপুরের মৃত লাল মিয়ার ছেলে বলে হোটেল রেজিস্ট্রিতে নাম লিখিয়েছেন।

গত সোমবার দুপুর ১২টার দিকে মেহেরপুর আবাসিক হোটেলের ৩য় তলার ১১৩ নম্বর কক্ষ ভাড়ায় নিয়ে ওঠেন ওই ব্যবসায়ী। এরপর তিনি দরজা বন্ধ করে দেন। মঙ্গলবার পর্যন্ত তার সাড়াশব্দ না পেয়ে এবং কক্ষের সামনে মাছি উড়তে দেখে ও পচা গন্ধ নাকে পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়।

পুলিশ ভেতরে সিটকিনি লাগানো দরজা ভাঙলে দেখা যায় মরদেহ পড়ে আছে মেঝেতে। গলায় রশি প্যাঁচানো। ওই কক্ষে অন্য কোনো দরজা বা জানালা নেই। পুলিশের ধারণা, শাকিল সিলিং ফ্যানের সঙ্গে রশিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

হোটেলের পরিচালক হাজি তেরাব আলী জানান, এ হোটেলের পরিচালক চারজন। তিনি খবর পেয়ে এসেছেন। গত সোমবার যখন শাকিল রুমে ওঠেন, তখন ম্যানেজার ছিলেন হাফিজ লোকমান আহমদ।

সিলেট কোতোয়ালী থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) নুরুল হুদা আশরাফি বলেন, প্রাথমিক সুরতহাল দেখে মনে হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। কারণ, কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল এবং অন্য কোনো দরজা-জানালা নেই। ধারণা করছি, মরদেহটি ফুলে ভারী হয়ে যাওয়ায় সিলিংফ্যান থেকে রশি ছিঁড়ে মাটিতে পড়ে গেছে।


এমএনজে