নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) শাখায় সাংবাদিক লাঞ্ছিত করার ঘটনায় গঠিত তদন্ত কমিটি রোববার (২৩ আগস্ট) শুনানি করবে। এতে ভুক্তভোগী এবং দায়ী ব্যক্তিদের বক্তব্য শুনবে কমিটি।

তদন্ত কমিটির প্রধান এনআইডি প্রকল্পের উপ-পরিচালক সৈয়দ মোহাম্মদ মুসা শনিবার (২২ আগস্ট) এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রোববার বেলা ১১টায় আগারগাঁওয়ের ইসলামিক ফাউন্ডেশন ভবনে স্থাপিত ইসির এনআইডি শাখায় এ শুনানি অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যে শুনানিতে উপস্থিত থাকার জন্য অভিযুক্তদের নির্দেশনা দিয়েছে কমিটি।

অভিযুক্তরা হলেন- এনআইডি প্রকল্পের উপ-পরিচালক আব্দুল বারী, পরিচালক মো. মহসীন আলী, কমিউনিকেশন কর্মকর্তা হোসাইন মো. আশিকুর রহমান, টেকনিক্যাল এক্সপার্ট মো. সায়েম, মো. সাহাবুদ্দিন, টেকনিক্যাল সাপোর্ট মো. সাখাওয়াতুল ইসলাম ভূইয়া, টেকনিক্যাল এক্সপার্ট মো. শরিফুল ইসলাম ও ড্রাইভার মো. কামাল হোসেন।

গত বুধবার (১৯ আগস্ট) এনআইডি কার্যালয়ে সংবাদ সংগ্রহের সময় বেসরকারি টিভি চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার জিএম মুস্তাফিজুল আলম ও সিনিয়র ক্যামেরা পার্সন রিপু আহমেদকে মারধর করেন কর্মকর্তা-কর্মচারীরা। প্রকল্প উপ-পরিচালক আব্দুল বারীর নির্দেশে এ কর্মকাণ্ড ঘটান তারা।

এ ঘটনায় বারীকে অপসারণ করে নতুন কর্মকর্তা দেওয়ার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।

এছাড়া ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে দায়ীদের শাস্তি দেওয়ার জন্য ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে ইসি।

এ কমিটি অভিযুক্তদের সঙ্গে মুস্তাফিজুল আলম ও রিপু আহমদেরও শুনানি করবে।

ইতোমধ্যে তদন্ত কমিটি নির্বাচন কমিশনের সংবাদ সংগ্রহকারী সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) থেকে অভিযুক্তদের তালিকা সংগ্রহ করেছে।

এমকে