বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে তাৎক্ষণিকভাবে কত ভোট পড়েছে, তা জানা যায়নি।
এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ক্ষমতাসীন দল বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।
দুপুর ২টায় ভোটগ্রহণ শুরুর আগে প্রধান নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সংসদ সদস্যদের ভোট দেওয়ার নিয়ম জানিয়ে দেন।
শুরুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দেন। এরপর সংসদ সদস্যরা একে একে ভোট দেন।
সিইসি নাসির উদ্দিন জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন। ভোট গণনা শেষে প্রত্যেক প্রার্থী কত ভোট পেয়েছেন এবং কত ভোট বাতিল হয়েছে, তা বিস্তারিত জানানো হবে।
তিনি বলেন, যিনি সংখ্যাগরিষ্ঠ ভোট পাবেন, তাকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করা হবে। এরপর গেজেট প্রকাশ করা হবে।
প্রায় ৩৫ বছর পর দ্বিতীয়বারের মতো প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো। নির্বাচনে জয়ী হতে প্রয়োজন ১৭৫ ভোট।
তবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী দলীয় সিদ্ধান্তের বাইরে সংসদ সদস্যদের ভোট দেওয়ার সুযোগ না থাকায় বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিজয় প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে। তিনি নির্বাচিত হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হবেন।
এর আগে গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর শূন্য পদে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ৬ আগস্ট তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
এস