সিলেট নগরী ও আশপাশের উপজেলার যাত্রীরা বুধবার সকাল থেকে হঠাৎ করে বেশ ভোগান্তিতে পড়েছে। সিলেটে ৬ দফা দাবিতে পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সমাবেশকে সামনে রেখে অঘোষিত পরিবহন ধর্মঘট চলছে। পরিবহন শ্রমিকেরা দলে দলে সমাবেশে যোগ দেওয়ায় যানবাহন সংকট দেখা দিয়েছে।

সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের ডাকে ৬ দফা দাবিতে বুধবার সকাল ১০টা থেকে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরে সমাবেশ শুরু হয়।

sylhet2সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিকের সভাপতিত্বে এবং সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী।

শ্রমিক সমাবেশ উপলক্ষে সকাল থেকে বিভিন্ন ধরনের যানবাহন নিয়ে হাজার হাজার শ্রমিক হুমায়ুন রশিদ চত্ত্বরে জড়ো হতে থাকেন। ফলে সিলেট নগরী, আশাপাশের বিভিন্ন উপজেলায় যাত্রীর তুলনায় যানবাহনের সংখ্যা অপ্রতুল হয়ে পড়ে। অনেককে গাড়ি না পেয়ে রাস্তার পাশে গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা যায়।

দক্ষিণ সুরমার দেলুয়ার মিয়া জানান, তিনি সপরিবারে বেড়ানোর জন্য কদমতলী বাস টার্মিনালে পৌঁছান। কিন্তু গাড়ি না পাওয়ায় দেড়ঘণ্টা থেকে অপেক্ষা করছেন।

প্রায় একই কথা বললেন মৌলভীবাজারের বড়লেখার বাসিন্দা ফারুক উদ্দিন। তিনি বলেন, সব সময় কদমতলী থেকে সিএনজি অটোরিকশায় করে যাতায়াত করেন। আজ কোনো গাড়ি নেই। কারণ অনুসন্ধানে জানতে পারি অধিকাংশ চালকই সমাবেশে যোগ দিয়েছেন।

সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক জানান, শ্রমিকেরা স্বতঃস্ফূর্তভাবে সমাবেশে যোগ দিয়েছেন। ফলে যানবাহন কিছুটা কম। আশা করি ৩টার মধ্যে সমাবেশ শেষ হলে আবারো যানবাহন চলাচল শুরু হবে।

সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ করতে হবে। হাইকোর্টের রায় অমান্য করে কিছু কুচক্রী মহল দিনের পর দিন অনিয়ম চালিয়ে যাচ্ছে। ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ, পুলিশি হয়রানি বন্ধসহ ৬ দফা দাবিতে সমাবেশ সফল করার জন্য সকল পরিবহন শ্রমিকদের গাড়ি বন্ধ রেখে যোগ দিয়েছেন।

জারিফ