নোয়াখালীতে ওষুধের কাঁচামাল তৈরির একটি কারখানায় গ্যাসের বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে এক শ্রমিক মারা গেছেন। এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন আরও সাতজন শ্রমিক।

নিহত ব্যক্তির নাম নুরুল আমিন ওরফে রনি (২২)। তিনি ওই কারখানায় উৎপাদন পরিচালক (অপারেটর) হিসেবে কর্মরত ছিলেন।

নোয়াখালীর বেগমগঞ্জ বিসিক শিল্প নগরীর গ্লোব ড্রাগস লিমিটেড নামের কারখানায় গতকাল রোববার দিবাগত রাত চারটার দিকে এ ঘটনা ঘটে। নিহত নুরুল আমিন বেগমগঞ্জ উপজেলার একলাশপুর গ্রামের মোহর আলী মুন্সিবাড়ির খলিলুর রহমানের ছেলে।

এ ছাড়া একই ঘটনায় অসুস্থ ব্যক্তিরা হলেন মো. নাছির উদ্দিন (২০), প্রদীপ আচার্য (৪০), আবুল খায়ের (৪৫), সুমন দাস (৩৭), লুৎফর রহমান ওরফে বাবলু (৪০) মো. মাসুদ (৪২) ও আবু জাহের (৪০)। অসুস্থ শ্রমিকদের আজ সোমবার ভোররাত সোয়া পাঁচটার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেনারেল হাসপাতালের চিকিৎসক সৈয়দ কামরুল হোসাইন বলেন, হাসপাতালে যে সাতজনকে ভর্তি করা হয়েছে, তাঁরা সবাই বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন বলে মনে হচ্ছে। ভর্তির পর তাঁদেরর প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এর মধ্যে চারজনের অবস্থা ভালোর দিকে। বাকি তিনজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ শ্রমিক সুমন দাস বলেন, রাত চারটার দিকে কারখানার ভেতরে কেমিক্যালের মিশ্রণ তৈরির সময় অসাবধানতাবশত তা বাইরে ছড়িয়ে পড়ে। এতে কক্ষে থাকা তিনিসহ আটজন শ্রমিক-কর্মচারী মুহূর্তের মধ্যে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপর কী ঘটেছে, তা তিনি বলতে পারবেন না।

একই হাসপাতালে চিকিৎসাধীন কারখানার নিরাপত্তা প্রহরী আবুল খায়ের রাত তিনটার দিকে তিনি কারখানার নিচতলায় প্রহরীর দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ দ্বিতীয় তলা থেকে নাকে গ্যাসের তীব্র গন্ধ ভেসে আসে। তিনি নাক চেপে ধরে ওপরের দিকে যাওয়ার সময় দম বন্ধ হয়ে মেঝেতে পড়ে যান। এরপর সকালে বুঝতে পারেন তিনি হাসপাতালে।

হাহাসপাতালে অসুস্থ ব্যক্তিদের দেখতে আসা কারখানার ব্যবস্থাপক আবু হানিফ বলেন, কাজের সময় অসাবধানতাবশত কিছু গ্যাস বাইরে ছড়িয়ে পড়ে। এতে সেখানে কর্মীরা আক্রান্ত হন।

আরেক কর্মকর্তা জাকির হোসেন বলেন, গ্যাস চার্জ দেওয়ার সময় নির্দিষ্ট সময়ের পর তা বন্ধ করে দিতে হয়। সম্ভবত তা নির্দিষ্ট সময়ে করা হয়নি। এ কারণেই গ্যাস লাইন থেকে বাইরে ছড়িয়ে পড়েছে।

নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম , দুর্ঘটনার খবর পেয়ে বেগমগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হব।

জেড