বিড়ির উপর সকল প্রকার বর্ধিত কর প্রত্যাহারের দাবিতে এবং বিড়ি শিল্প ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে কুষ্টিয়ার ভেড়ামারায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শ্রমিকরা।
শনিবার সকালে ভেড়ামারা ডাকবাংলোর সামনের বাহাদুরপুর মনোমহোন বিড়ি শ্রমিক ট্রেড ইউনিয়নের শ্রমিকরা এই মানববন্ধন কর্মসূচী পালন করে।
এ সময় শ্রমিকদের হাতে 'বিড়ি শ্রমিক বাঁচতে চাই, বাঁচার জন্য কাজ চাই, বিড়ি শিল্প ধ্বংসের চক্রান্ত রুখে দাঁড়াও' লিখা শ্লোগানসহ প্লাকার্ড ও ফেসটুন শোভা পাচ্ছিল।
মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর একটি স্বারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শান্তি মনি চাকমার হাতে তুলে দেন শ্রমিকরা।
এসময় বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিড়ি শ্রমিক সংগ্রাম পরিষদের সভাপতি হায়দার আলী, বাহাদুরপুর মনোমহোন বিড়ি শ্রমিক ট্রেড ইউনিয়নের সাধারন সম্পাদক নওসাদ আলী, সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা, শ্রমিক নেতা পিয়ার আলী, শাহাজামাল, আব্দুস সালাম, আইয়্যুব আলী, ইয়ারুল ইসলাম পান্না প্রমুখ।
জেলা বিড়ি শ্রমিক সংগ্রাম পরিষদের সভাপতি হায়দার আলী বলেন, কুষ্টিয়ায় ৪০ হাজার বিড়ি শ্রমিক রয়েছে। বিড়ি’র উপর যদি নতুন করে আবারো করারোপ করা হয় তাহলে ব্যাপক ভাবে প্রভাব পড়বে বিড়ি শিল্পের উপর।
তিনি বলেন, কর বৃদ্ধির ফলে উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে। উৎপাদন বন্ধ হলে এ শিল্পের শ্রমিকরা বেকার হয়ে পড়বে।
গণ-আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি বাস্তবায়ন না করলে শ্রমিকরা রাজপথে গণ-আন্দোলন গড়ে তুলবে।
এমআইএস





