কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছাত্রলীগের দু’গ্রুপের গোলাগুলিতে সাইফুল খালিদ নামে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় কয়েকজন গুলিবিদ্ধসহ আরো অন্তত ১২ জন আহত হয়েছেন।
শোকের মাসের প্রথম প্রহরে কেন্দ্রঘোষিত মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করতে গিয়ে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
মধ্যরাতে গোলাগুলির ঘটনার পর আহত ছাত্রলীগ নেতা সাইফুল খালিদকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হলে সোমবার ভোর ৫টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হল শাখার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও মার্কেটিং বিভাগের ৭ম ব্যাচের ছাত্র। নিহত সাইফুল দাউদকান্দি উপজেলার জয়নাল আবদিনের ছেলে।
কবি নজরুল ইসলাম হলের ছাত্রলীগের প্রচার সম্পাদক মো. সাদি ঢামেক হাসপাতাল থেকে সাইফুল খালেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে আগস্টের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে শ্রদ্ধা জানানোকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে সাইফুল খালিদসহ ৫জন গুলিবিদ্ধ হন। এছাড়া আরো অন্তত ১২জন আহত হয়েছে বলে জানা গেছে।
খবর পেয়ে কুবি প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) ভর্তি করে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, শোকাবহ আগস্টের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জ্বলনকে কেন্দ্র করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলিফ ও ছাত্রলীগ নেতা ইলিয়াস হোসেন সবুজ সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।
সংশ্লিষ্ট সূত্রে আরো জানা যায়, নিহত ছাত্রলীগ নেতা সাইফুল খালেদ ছাত্রলীগ নেতা ইলিয়াস হোসেন সবুজ গ্রুপের ছিলেন।
এদিকে, ছাত্র নিহতের জেরে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার বেলা ১১টার মধ্যে ছাত্রদের এবং দুপুর ২টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষ। ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এমবিএইচ/এমবি/কেবি





