কুমিল্লার বুড়িচং উপজেলার কালখারপাড় এলাকায় বাসের চাপায় যুবলীগের এক নেতা নিহত হয়েছেন। নিহত যুবলীগ নেতার নাম মো. শাকিল আহম্মেদ (৩৮) বলে জানা যায়।
কুমিল্লা-মিরপুর এম এ গনি আঞ্চলিক সড়কে সোমবার সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে। পরে ঢাকায় আনার পথে সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।
নিহত মো. শাকিল আহম্মেদ বুড়িচং উপজেলার বুড়িচং পশ্চিম পাড়ার আবদুর রশিদ খানের ছেলে। তিনি স্থানীয় যুবলীগের নেতা ছিলেন ও ঠিকাদারি করতেন।
স্থানীয় সূত্র জানায়, শাকিল আহম্মেদ সকালে কুমিল্লা সদর থেকে মোটরসাইকেল চালিয়ে বুড়িচংয়ে নিজ বাড়ি ফিরছিলেন। পথে উপজেলার কালখারপাড় এলাকায় বিপরতীমুখী গোমতী সার্ভিসের একটি বাস তাকে চাপা দেয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় তার মৃত্যু হয়।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার বড়ুয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।
এসএইচ





