ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ডাউটিয়া এলাকায় পাটুরিয়াগামী এনএনবি পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে ইটভাঙ্গার কাজে ব্যবহৃত গাড়ির মুখোমুখি সংঘর্ষে ২ শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার গভীর রাতে ধামরাইয়ের ডাউটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এছাড়া বাসটি খাদে পড়ে গেলে কমপক্ষে ২০ জন যাত্রী আহত হন।

পুলিশ সূত্র জানায়, ডাউটিয়া এলাকায় পাটুরিয়াগামী এনএনবি যাত্রীবাহী পরিবহনের একটি বাসের সঙ্গে ইটভাঙ্গা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ২ শ্রমিক নিহত হন। এসময় বাসটি খাদে পড়ে গেলে কমপক্ষে ২০ জন যাত্রী আহত হন।

নিহত দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। আহতদের পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেছে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজায়ুল হক জানান, নিহতদের নাম পরিচয় জানার প্রচেষ্টা চলছে। জড়িতদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

 

এইচ ই