রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এবং মিডওয়ে হোটেলের মাঝখানের গলিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মঙ্গলবার বেলা ১১ টা ৩০ মিনিটে এই আগুনের সূত্রপাত হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার লীনা খানম।
বিএনপির সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন বলেন, ‘আজ (মঙ্গলবার) বেলা সাড়ে ১১টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে কার্যালয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আধাঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।’
আগুনে বড় কোনো ক্ষতি না হলেও প্রায় পৌনে একঘণ্টা দলের কার্যালয় বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। অন্ধকারে কার্যালয়ের মধ্যে ভুতুড়ে পরিবেশ তৈরি হয়।
এদিকে নয়াপল্টনে দুপুর ১২টার দিকে দলের পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলন শুরু হওয়ার কথা থাকলেও একঘণ্টা পর দুপুর ১টার দিকে শুরু হয়। শুরুতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ সংবাদ সম্মেলনে দেরি করার কারণ ব্যাখ্যা করেন।
অগ্নিকাণ্ডে বড় ধরনের ক্ষতি না হওয়ায় তিনি আল্লাহর কাছে শুকরিয়া প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, ওইসময় সাংবাদিকরা তাদের দায়িত্ব পালন করায় দ্রুত ফায়ার সার্ভিস এসেছে।
এএস





