গাজা উপত্যকায় ইসরায়েলিদের নির্বিচারে নারী ও শিশু হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিসভা অবিলম্বে এই ঘৃণ্য হামলা বন্ধে ইসরায়েলকে চাপ প্রয়োগের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহবান জানিয়েছে।

সোমবার দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।

সচিব বলেন, মন্ত্রিসভা বলেছে, বিশেষ করে পবিত্র রমজান মাসে নির্বিচারে নারী-শিশু হত্যা চরম মানবাধিকার লঙ্ঘন। বাংলাদেশ ফিলিস্তিনি নাগরিকদের পাশে থাকবে বলে মন্ত্রিসভায় আলোচনা হয়েছে।

মন্ত্রিসভায় বাংলাদেশ রেলওয়ে বোর্ড (রহিতকরণ) আইন, ২০১৪ এর খসড়ারও নীতিগত অনুমোদন দেয়া হয়।

এছাড়া বৈঠকে বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা নির্ধারণী সালিশি ট্রাইব্যুনালের রায় সরকারি গেজেটে প্রকাশ করার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা নির্ধারণী সালিশি ট্রাইব্যুনালের রায় সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মন্ত্রিসভায় অবহিত করা হয়। আগামী কয়েক দিনের মধ্যে সুমদ্র প্রধানমন্ত্রী এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন।

মোশাররফ হোসাইন আরও জানান, এছাড়া বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা চুক্তির সংশোধিত খসড়ারও অনুমোদন দেয়া হয় আজকের মন্ত্রিসভার বৈঠকে।

ঢাকা, ১৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই