চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার মিয়া খান নগর এলাকায় ইয়াবা বড়ি বিক্রি ও সেবনের দায়ে তিন ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম এই দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত ইয়াবা বিক্রেতারা হলেন; জাহাঙ্গীর আলম (৩৫), সেলিম উদ্দিন (২৫) এবং ইকবাল হোসেন (৩৬)। এদের মধ্যে সেলিম উদ্দিনকে দেড় বছর এবং অপর দুইজনকে এক বছর করে কারাদণ্ড দেয়া হয়।

বাকলিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মহসীন জানান, সকালে মিয়া খান নগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪১ পিস ইয়াবা বড়িসহ তিনজনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে সেলিম উদ্দিনের কাছ থেকে ২১ পিস, ইকবালের কাছে ১০ পিস ও জাহাঙ্গীরের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

পরে গ্রেফতার ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতের নিকট সোপর্দ করার পর আসামিরা দোষ স্বীকার করে স্বীকারোক্তি দেওয়ায় ভ্রাম্যমাণ আদালত তিনজনকে সাজা প্রদান করেন। সাজা ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত তিন আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

কেএইচ