হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মূল ভবনে ভেতরে আগুন লেগেছে।

আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে বিমানবন্দরের তৃতীয় তলায় এয়ার ইন্ডিয়ার একটি কার্যালয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে ফায়ার সার্ভিস।

এ ঘটনার পর বিমানবন্দর এলাকায় অবস্থানরত সবাইকে বের করে দেয়া হচ্ছে। আগুনের কারণে বিমানবন্দরের বহির্গমনের কার্যক্রম বন্ধ রয়েছে। এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিমানবন্দরের আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার সাংবাদিকদের জানান, আগুনের ফলে প্রচুর ধোঁয়া ছড়িয়ে পড়েছে। এর পর পরই বহির্গমনের কার্যক্রম বন্ধ রয়েছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন।

ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, বেলা ১ টা ৪০ মিনিটের দিকে তারা বিমান বন্দরের ভেতরে আগুন লাগার সংবাদ পান। পরে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে।

এর আগে হজ ক্যাম্প পরিচালক সাইফুল ইসলাম জানান, শুক্রবারেও একটি হজ ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটটির পরবর্তী তারিখ দেয়া হয়েছে ১৩ আগস্ট। তবে আর কোনো ফ্লাইট বাতিল হবে না বলে জানান তিনি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, এখন পর্যন্ত মোট ২৮টি হজ ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।

এমবি