মাদারীপুরের শিবচর উপজেলার বাহাদুরপুর গ্রামে ফজলুল উলুম মাদ্রাসা আগুনে পুড়ে গেছে।
বৃহস্পতিবার রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় চিকিৎসক মো. জাহাঙ্গীর শুক্রবার সকালে জানান, রাতে আগুনের শিখা দেখতে পেয়ে শিবচর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস ও এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনার আগেই মাদ্রাসার ৮টি কক্ষসহ পুরো মাদ্রাসাটি পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত।
এমএম





