ব্লগার ও প্রকাশদের হত্যা ও হামলার প্রতিবাদে গণজাগরণ মঞ্চের পূর্বঘোষিত দেশব্যাপী ডাকা অর্ধদিবস হরতাল চলছে।

মঙ্গলবার সকাল ৬টা থেকে শুরু হয় এ অর্ধদিবস হরতাল। শুরু থেকেই শাহবাগে এসে জমতে থাকেন গণজাগরণ মঞ্চের কর্মীরা।

পৌনে সাতটার দিকে উপস্থিতি বাড়লে তারা বাটা সিগন্যাল মোড় পর্যন্ত মিছিল করেন। মিছিলটি শাহবাগ মোড়ে এসে শেষ হয়। এরপরই সড়কের মাঝখানে অবস্থান নেন গণজাগরণ কর্মীরা।

এছাড়াও রাজধানীর মতিঝিলেও পিকেটিং করতে দেখা গেছে হরতাল সমর্থকদের। 

এদিকে মঙ্গলবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন রুটে প্রতিদিনের মতোই যান চলাচল করছে। তবে রাস্তায় ব্যক্তিগত গাড়ির সংখ্যা অন্য দিনের তুলনায় কম দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই রাস্তায় ‍অফিসগামী মানুষের ভিড়। বাসে উঠতে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন রাস্তার কর্মব্যস্ত মানুষ। 

তবে হরতালে যান চলাচল বন্ধ রয়েছে শাহবাগ থেকে মৎস্য ভবন, শাহবাগ থেকে কাটাবন, শাহবাগ থেকে টিএসসি মোড় আর শাহবাগ থেকে রূপসীবাংলা হোটেল মোড় পর্যন্ত। এছাড়া রাজধানীর অন্যান্য সড়কে সকাল থেকেই যান চলাচল স্বাভাবিক রয়েছে।

লেখক-প্রকাশক হত্যা ও হত্যা চেষ্টার প্রতিবাদে গণজাগরণ মঞ্চের দেশব্যাপী ডাকা অর্ধদিবস হরতাল চলাকালে সকাল ৬টা থেকে শাহবাগ চত্বরে অবস্থান নেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। 

এর আগে হরতালের সমর্থনে গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে মশাল মিছিল বের করে গণজাগরণ মঞ্চের কর্মীরা।

শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে শাহবাগ আজিজ মার্কেটের তৃতীয় তলায় জাগৃতির অফিস থেকে প্রতিষ্ঠানটির স্বত্ত্বাধিকারী ফয়সল আরেফিন দীপনের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে একই দিন দুপুরে রাজধানীর লালমাটিয়ায় শুদ্ধস্বর প্রকাশনীর অফিসে হামলা চালিয়ে এর সত্ত্বাধিকারী আহমেদুর রশীদ টুটুলসহ রণদীপম বসু ও তারেক রহিমের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।

এআই/এমএইচ