রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে এক হাজার বোতল ফেন্সিডিলসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ সময় তিনজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার রাতে খিলগাঁওয়ের খিদমাহ হাসপাতালের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- রাশিদুল ইসলাম ওরফে রাশী (২২), ইসমাইল মন্ডল (৩৫) ও জাহাঙ্গীর আলম (৩৩)।

গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের অবৈধ মাদকদ্রব্য উদ্ধার টিম (পূর্ব) এর সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান জানান, ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খিলগাঁও থানাধীন খিদমাহ হাসপাতালের সামনে অভিযান চালায়।

এ সময় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে এক হাজার ভারতীয় ফেন্সিডিলের বোতল পাওয়া যায়। এতে ওই ট্রাক ও ফেন্সিডিলসহ তিনজনকে আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

ঢাকা, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ