গুলশান-১’র ঢাকা উত্তর সিটি করপোরেশন-ডিএনসিসি মার্কেটের কাঁচাবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। পরে যোগ দিয়েছেন সেনাবাহিনী ও নৌবাহিনী সদস্যরা।

আজ (৩০ মার্চ) শনিবার ভোর সাড়ে ৫টার দিকে মার্কেটের কাঁচাবাজারের পূর্ব পাশের অংশে আগুন লাগে বলে প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান। অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন নিয়ন্ত্রণে প্রথমে তাদের ১১টি ইউনিট কাজ শুরু করে। এরপর একে একে আরও ইউনিট এসে যোগ দেয়। আগুন নিয়ন্ত্রণে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, কাঁচাবাজারের পাশে ডিএনসিসি সুপার মার্কেটে আগুন ছড়ায়নি। আগুনের শিখা কমে এসেছে। এখনো ধোঁয়া বের হচ্ছে।

ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম ঘটনাস্থলে এসে বলেন, আপনারা জানেন এর আগেও এখানে আগুন লেগেছিল। কেন বারবার এই আগ্নিকাণ্ড হচ্ছে সেটা খতিয়ে দেখা হবে।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ বলেন, কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখানে আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা নেই। আগের ঘটনার পর এই ব্যাপারে ব্যবস্থা নিতে ৩ থেকে ৪ বার মার্কেট কর্তৃপক্ষকে নোটিশ দেওয়া হয়। কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি।

কাঁচাবাজারের ভেতরে একটি হোটেল থেকে আগুন লাগে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন। সকাল পৌনে ৭টার দিকে তিনি জানান, ১৪টি ইউনিট কাজ করছে। মূল মার্কেটে ফায়ার ফাইটাররা পৌঁছে গেছেন। পরে আরও ৬টি ইউনিট যোগ দেয়।

এর আগে ২০১৭ সালের ৩ জানুয়ারি ভোরবেলা একই মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেবার মার্কেটটির বহু দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছিল। এরপর অস্থায়ীভাবে দোকান তৈরি করে মার্কেটটি চালু করা হয়। ২০১৭ সালে আগুনের ঘটনার পর পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি মার্কেট কর্তৃপক্ষ -এমন অভিযোগ করেন আশপাশের লোকজন।

তবে আজ (৩০ মার্চ) ভোরবেলা আগুন লাগার খবর পেয়ে দুই মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের ইউনিট চলে আসে। শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় রাস্তা ফাঁকা ছিল। তাই দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করা গেছে। 

বনানীর অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা ২৫

রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের ১৭ নম্বর রোডের ২২তলা এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভবনটিতে আটকা পরে অনেক মানুষ। আর এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় ভবনটির ৯তলা থেকে।

বৃহস্পতিবারের (২৮ মার্চ) অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট আগুন নেভানো ও হতাহতদের উদ্ধারের কাজ করে। পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, পুলিশ, র‍্যাব, রেড ক্রিসেন্টসহ ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত অনেক স্বেচ্ছাসেবী কাজ করে। প্রায় সাড়ে ৬ ঘণ্টা চেষ্টার পর রাত ৭টায় আগুন নেভানো সম্ভব হয়। এই ঘটনায় এখন পর্যন্ত ২৫টি লাশ উদ্ধার করা হয়েছে। 

এদিকে ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষ স্বেচ্ছাসেবীর ভূমিকা রাখছেন। আশপাশের এলাকায় পানির সন্ধান করা, পাইপ টেনে নিয়ে যাওয়ায় দমকর্মীদের সঙ্গে ব্যস্ত হয়ে পড়তে দেখা গেছে অসংখ্য সাধারণ মানুষকে।

এমবি