ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) কড়া সমালোচনা করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, টিআইবি বলেছে, তিন সিটি করপোরেশন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি।

তাদের ভাবখানা এমন যে টিআইবির সবাই সৎ আর দেশের বাকি সবাই অসৎ। টিআইবির মুখে আমরা কখনো ভালো কথা শুনিনি। টিআইবির কাজই হচ্ছে খুঁত ধরা।

আজ সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।

সিটি করপোরেশন নির্বাচন নিয়ে টিআইবির গবেষণা প্রতিবেদন প্রকাশের পর মন্ত্রী বলেন, আমরা আমাদের কাজ করে যাবো। দেশকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।

আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। অথচ আমাদের কোনো ভালো কাজই টিআইবির চোখে পড়ে না।

তিনি বলেন, একসময় দেশের ৯৫ ভাগ মানুষের জুতা পায়ে দেওয়ার ক্ষমতা ছিল না। খালি পায়ে বাজারে যেত। এখন শতকরা ৯৯ ভাগ মানুষই জুতা পায়ে দেয়।

মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি পেয়েছে, আয় বেড়েছে। আমাদের রিজার্ভ বাড়ছে। বাংলাদেশ স্বাধীনের পর ৭৮৭ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছিল। সেটা এখন তিন লাখ কোটি ছাড়িয়ে গেছে। এগুলো কিছুই টিআইবির চোখে পড়ে না।

টিআইবির কর্মকর্তাদের প্রতি প্রশ্ন রেখে তোফায়েল বলেন, তিন সিটি নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ না হয়, তাহলে বিএনপি-জামায়াতের কাউন্সিলররা পাস করেন কীভাবে।

এএইচ/এসএইচ