কেরানীগঞ্জ উপজেলার চুনকুটিয়া এলাকায় অবস্থিত ‘প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র কারখানার অগ্নিকাণ্ডের ঘটনায় আরও পাঁচ জনের মৃত্য হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত নয় শ্রমিকের মৃত্যু হলো।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোর থেকে সকাল পর্যন্ত তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- জাকির হোসেন, খালেক, সালাউদ্দিন, ইমরান, বাবলু ও রায়হান, সুজন, জিনারুল ও আলম।
ঢামেক বার্ন ইউনিটের আবাসিক সার্জন (আরএস) ডা. আরিফুল ইসলাম নবীন জানান, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অগ্নিদগ্ধদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় সাত জনের মৃত্যু হয়।
এ বিষয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, কেরানীগঞ্জের অগ্নিকাণ্ডের ঘটনায় ঢামেক বার্ন ইউনিটে বুধবার রাত ১২টার পর থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত আরও সাত জনের মৃত্যু হয়েছে।
বুধবার বিকেল সোয়া ৪টার দিকে কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকার ‘প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র কারখানায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। সেসময় ঘটনাস্থলে অগ্নিদগ্ধ অবস্থায় একজনের মরদেহ পাওয়া যায়। আশঙ্কাজনক অবস্থায় ৩৪ জনকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে দগ্ধ আরও ২৬ শ্রমিক সেখানে চিকিৎসাধীন আছেন।
এমএম





