লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা শফিরহাট এলাকার ৮৮৫ নম্বর মেইন পিলার সীমান্তে নতুন একটি বিজিবি ফাঁড়ি উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় নতুন ফাঁড়ি উদ্বোধন করেন বর্ডারগার্ড বাংলাদেশের উত্তর- পশ্চিমাঞ্চলীয় জোনের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শাহ্রিয়ার আহম্মেদ এনডিসি, পিএসসি।

এসময় উপস্থিত ছিলেন রংপুর ৭ বিজিবি সেক্টর কমান্ডার লে. কর্নেল মোয়াজ্জেম হোসেন, ৭ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার মেজর মুহীদ উল আলম, বাউরা কোম্পানী কমান্ডার মোবাশ্বের খাঁন, নতুন ফাঁড়ি ইনচার্জ আবুল হোসেন, পাটগ্রাম থানা তদন্ত অফিসার মাহাফুজ আলম, বাউরা ইউপি চেয়ারম্যান হাবিবুল হক বসুনিয়াসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধন অনুষ্ঠানে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শাহ্রিয়ার আহম্মেদ এনডিসি, পিএসসি জনসাধারণের উদ্দেশ্যে বলেন, এলাকায় নতুন বিজিবি ফাঁড়ি গড়ে উঠলে এলাকার ও সীমান্তের উন্নয়ন ঘটে। স্থানীয় আপনারা (জনগন) বিজিবিকে সহযোগীতা করবেন বিজিবিও আপনাদেরকে সহযোগীতা করবে। মাদক ব্যবসা ও চোরাকারবারিদের ব্যাপারে সর্তক থাকবেন। এলাকায় একজন মাদকসেবী থাকলে পুরো এলাকা নষ্ট হতে পারে। এ ব্যাপারে বিজিবিকে জানাবেন দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

 

দোহা/নাজিব