রাজধানীর বাংলামোটর পরিবাগ এলাকায় রাস্তার উপর কাঠ বোঝাই একটি ট্রাক উল্টে ৫ জন আহত হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ওয়ালসো টাওয়ারের সামনে এ দুর্ঘটনার কারণে পরিবাগ থেকে ফার্মগেট পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।

ঘটনাস্থল থেকে পুলিশ সার্জেন্ট গোলাম মাহতাব জানান, ট্রাকটির (ঢাকা মেট্রো-ট-১৪১৩৯৯) সামনের বাম পাশের চাকা পাংচার হয়ে রাস্তার উপর উল্টে পড়ে যায়। এতে সড়ক ডিভাইডারে একটি ল্যাম্পপোস্ট উপড়ে পড়ে।

এ ঘটনায় ট্রাক চালক এবং তার সহযোগী গুরুতর আহত হয়। তাদের হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

এছাড়া কাঠের ৩ জন মালিকও আহত হয়েছেন। তাদের পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

ট্রাফিক কর্মকর্তা জানান, ট্রাকটি লালমনিরহাট থেকে কাঠ নিয়ে ঢাকায় আসছিলো। তবে আহতদের নাম জানাতে পারেননি পুলিশ সার্জেন্ট।

পুলিশের রেকার দিয়ে রাত ২টার দিকে ট্রাকটিকে রাস্তার উপর থেকে সরানো হয়। এদিকে, দুর্ঘটনার কারণে ওই রাস্তায় যান চলাচল কিছুটা ব্যাহত হয়।

ঢাকা, ২৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ