হরতাল-অবরোধে চট্টগ্রামে ককটেল ও পেট্রোল বোমায় দগ্ধদের ২৩ জনের পরিবারকে আর্থিক অনুদান দিচ্ছেন প্রধানমন্ত্রী। আগামী বুধবার ২৯ এপ্রিল সকালে প্রধানমন্ত্রীর দপ্তরে পরিবারের সদস্যদের হাতে প্রধানমন্ত্রী নিজ হাতে আর্থিক সহায়তা তুলে দিবেন।

তালিকাভুক্ত নিহতের প্রত্যেক পরিবারকে ১০ লাখ ও আহতের পরিবারকে ৫ লাখ টাকা করে অর্থ সহায়তা দেওয়া হবে বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাত দিয়ে টাইমনিউজবিডিকে জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।

গত ৬ জানুয়ারি থেকে দেশব্যাপী ২০ দলীয় জোটের টানা অবরোধ-হরতাল কর্মসূচিতে পেট্রোলবোমার আগুনে দগ্ধ হয়ে এ পর্যন্ত ২৭ জন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটে চিকিৎসা নিয়েছেন।

এর মধ্যে চমেক বার্ন ইউনিটে চারজন, ঢামেক বার্ন ইউনিটে একজন ও ঘটনাস্থলে দুইজন মারা গেছেন। নিহত এ সাতজনের পরিবারের পাশাপাশি নাশকতার ঘটনায় অগ্নিদগ্ধ আরও ১৬ জনের তালিকা অর্থসহায়তার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠায় চট্টগ্রাম জেলা প্রশাসন।

জেলা প্রশাসক বলেন, ‘নিহতের ঘরে স্ত্রী-সন্তানের পাশাপাশি মা-বাবা বেঁচে থাকলে দুই পরিবার হিসেবে বিবেচনা করে তালিকা পাঠানো হয়েছে। সেক্ষেত্রে এক পরিবারের অর্থ সহায়তা দুই পরিবারের (স্ত্রী এবং মা-বাবা) মাঝে ভাগ করে দেওয়া হবে। ’

জেডআই