লালমনিরহাটে মাদক ব্যবসায়ীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় ৬ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে সদর উপজেলার কালমাটি বাগডোরা বাজারে এ সংঘর্ষ হয়। এসময়  দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন থেকে ভারতীয় ফেনসিডিলের ব্যবসা করে আসছেন ওই এলাকার ৩ ভাই আব্দুল জলিল, মশিয়ার ও মোস্তফা।

হাতের কাছে মাদক পেয়ে প্রতিদিন মাদকের কালো থাবায় পা দিয়ে ধ্বংস হচ্ছে স্থানীয় যুবসমাজ। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা শুক্রবার সকালে মশিয়ারকে দুইশ বোতল ফেনসিডিলসহ আটক করে পুলিশে খবর দেয়।

পুলিশ আসাতে বিলম্ব হওয়ায় এলাকাবাসীর কাছ থেকে ফেনসিডিল কেড়ে নিতে চেষ্টা করে মাদক ব্যবসায়ীরা। এতে ৫ জন আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এ ঘটনার পর ঘটনাস্থলে চলে আসে মাদক ব্যবসায়ীদের লাঠিয়াল বাহিনী। তারা ওই বাজারে তাণ্ডব চালিয়ে ব্যবসায়ী সোবহানের গালামালের দোকানে ভাঙচুর ও লুটপাট করে আটক ফেনসিডিলগুলো ছিনিয়ে নেয়।

এ সময় দোকান ঘরের টিন এসে মাথায় পড়লে মাদক ব্যবসায়ী মশিয়ার রহমান আহত হন। তকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ রহস্যজনক কারণে ঘটনাস্থলে বিলম্বে আসায় মাদক ব্যবসায়ীরা এ তাণ্ডব চালিয়েছে বলে এলাকাবাসীর দাবি। এ ঘটনায় সদর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

ক্ষতিগ্রস্থ দোকান মালিক আব্দুস সোবাহান জানান, তার দোকানে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি করেছে মাদক ব্যবসায়ীরা।

ঘটনাস্থলে উপস্থিত সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ আসার আগেই মাদক ব্যবসায়ীরা পালিয়েছে।

লালমনিরহাট পুলিশ সুপার টি এম মোজাহেদুল ইসলাম জানান, পুলিশ কি কারণে ঘটনাস্থলে বিলম্বে উপস্থিত হয়েছে- তা খতিয়ে দেখা হচ্ছে। মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে বলে তিনি জানান।

ঢাকা, ১৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ