জ্বলছে আগুন পুড়ছে দেহ। আধুনিক জীবনে বাড়ছে আগুনের ব্যবহার। সেই সঙ্গে বাড়ছে অগ্নিকাণ্ডের ঘটনাও। বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। সম্পদ ও নিরাপত্তার স্বার্থে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা সবার নৈতিক দায়িত্ব।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. আলী আহম্মেদ খান আজ দুপুরে রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ইলেকট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএসএসএবি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

ব্রিগেডিয়ার জেনারেল মো. আলী আহম্মেদ খান একটি পরিসংখ্যান দিয়ে বলেন, গত ৬ বছরে সারা দেশে প্রায় ৮৮ হাজার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ২৯ হাজার কোটি টাকারও বেশি।

এই সময়ে মৃত্যুর শিকার হয়েছেন ১ হাজার ৪শ জন। এসব অগ্নিকাণ্ডের মূল কারণ হচ্ছে, সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাব।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইএসএসএবির প্রেসিডেন্ট মো. মোতাহের হোসেন খান। তিনি জানান,২০১৩ সালে যাত্রা শুরু করে। সংগঠনের পক্ষ থেকে এ বছর পঞ্চমবারের মতো ইন্টারন্যাশনাল ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো-২০১৮ আয়োজন করা হচ্ছে। আগামী ৫ থেকে ৭ এপ্রিল ২০১৮,তিন দিনব্যাপী রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে অনুষ্ঠিত হবে।

এবারের এক্সপোতে ৩০টি দেশের ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি খ্যাতিমান ব্র্যান্ড প্রতিষ্ঠান অংশ নেবে।

এই এক্সপোতে মোট স্টল থাকবে ৬০টি। মেলার কো-পার্টনার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, বিজিএমইএ, বিকেএমইএ এবং এনএফপিএ। মেলা থেকে অগ্নিনির্বাপন ও সিকিউরিটি পণ্যর স্থাপন বিষয়ে ধারণা পাবে। মেলায় অগ্নি-নির্বাপনের মহড়া থাকবে ফায়ার সার্ভিস এর পক্ষ থেকে।

আগামী ৫ এপ্রিল সকাল সাড়ে ১০টায় স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

ডিজি বলেন, দেশে সংঘটিত বেশ কয়েকটি বড় অগ্নিকাণ্ডের পর রপ্তানিমুখী শিল্প-কারখানার বেশিরভাগে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা অনেকটাই নিশ্চিত করা হয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল আলী আহম্মেদ খান বলেন, রাজধানী ও বিভাগীয় শহরগুলোতে বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। এসব প্রতিষ্ঠান ও ভবনের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা এখনো পিছিয়ে আছে। য়া নিশ্চিত করতে ভবন মালিককেই উদ্যোগ নিতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব নাজমুল হুদা, সহ-সভাপতি প্রকৌশলী মো. মনজুর আলম, যুগ্ম মহাসচিব এম মাহমুদুর রশিদ ও পরিচালক জাকির উদ্দিন আহমেদ।

এএস