গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ধান বোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

গোবিন্দগঞ্জ-দিনাজপুর অঞ্চলিক মহাসড়কের কাটা এলাকায় শনিবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

ট্রাকের চালক রহুল বলেন, দিনাজপুর থেকে ধান বোঝাই ট্রাক নিয়ে বগুড়া যাচ্ছিলেন তিনি। পথে গোবিন্দগঞ্জ উপজেলার কাটা এলাকায় পৌঁছলে ট্রাকটি গতিরোধ করে দুর্বৃত্তরা। এ সময় তারা ট্রাকে আগুন দিলে হেলপারসহ তিনি লাফিয়ে পড়েন। খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) এবিএম জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর পরই সড়কে টহলরত একদল পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে আটক করা সম্ভাব হয়নি। তাৎক্ষণিকভাবে ট্রাকে আগুনে পুড়ে যাওয়ায় ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

কেএইচ