টঙ্গীর তুরাগ তীরে আজ শুক্রবার বাদ ফজর আম বয়ানের মাধ্যমে শুরু হয়েছে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গণজমায়েত ৪৯তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। দেশ-বিদেশের ধর্মপ্রাণ লাখো মুসল্লির ঢল ইজতেমা প্রাঙ্গণে।
শুরুর দিন জু’মা বার হওয়ায় ইজতেমা মাঠে অনুষ্ঠিত হয়েছে বৃহত্তম জু’মার জামাত। দুপুর দেড়টায় ওই নামাজ শুরু হয়। এতে ইমামতি করেন কাকরাইল মসজিদের ইমাম হাফেজ জোবায়ের।
ইজতেমায় যোগদানকারী মুসল্লি ছাড়াও জু’মার নামাজে অংশ নিতে ঢাকা-গাজীপুরসহ আশে-পাশের এলাকার লাখ লাখ মুসল্লি ইজতেমাস্থলে হাজির হন। ভোর থেকেই রাজধানীসহ আশে-পাশের এলাকা থেকে ইজতেমা মাঠের দিকে মানুষের ঢল নামে।
দুপুর ১২টার দিকে ইজতেমা মাঠ উপচে আশপাশের খোলা জায়গাসহ সবস্থান জনসমুদ্রে পরিণত হয়। মাঠে স্থান না পেয়ে মুসল্লিরা মহাসড়ক ও অলিগলিসহ যে যেখানে পেরেছেন হোগলা পাটি, চটের বস্তা, খবরের কাগজ বিছিয়ে জু’মার নামাজে শরিক হয়েছেন।
সাধারণ মানুষের সাথে জুম্মার নামাজে অংশ নিতে দেখা গেছে ভিআইপিদেরকেও। এদের মধ্যে রয়েছেন, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, জাহিদ আহসান রাসেল এমপি, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নান, জেলা প্রশাসক মো. নূরুল ইসলামসহ জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তি ও পেশাজীবী লোকজন।
ইজতেমা স্থল পরিদর্শন করে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নান বলেন, বিশ্ব ইজতেমা সফল ও সুন্দরভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে সিটি করপোরেশন। ময়দানে ধূলো যাতে না ওড়ে সেজন্য পানি ছিটানো, মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম চলছে।
[b]ঢাকা, ২৪ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]