কোনও রকম অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে শনিবার কাপ্তাইয়ে ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে আওয়ামীলীগ প্রার্থী নৌকা প্রতীক নিয়ে আনোয়ারুল ইসলাম বেবী বিজয়ী হয়েছেন।

আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী ৬৩৪৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মোঃ জাকির হোসেন ধানের শীষ মার্কায় শুধুমাত্র ৪৭৩ ভোট পান। ঐ ইউনিয়নের ভোটার সংখ্যা ৯৫৪০ হলেও ভোটের দিন বৈধ ভোটার সংখ্যা ছিল ৭০৭৪, বাতিলকৃত ভোটের সংখ্যা ১২১, সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৭১৯৫।

এর আগে সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মত। মোট নয়টি কেন্দ্রে ভোটারের সংখ্যা ৯৫৪০ জন। সংরক্ষিত ও সাধারণ সদস্য পদে মোট ৪২ জন প্রতিদ্বন্দ্বিতা করে। সকাল ৮ টা থেকে টানা বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। আ’লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে আনোয়ারুল ইসলাম বেবী বিপুল ভোটে বিজয়ী হয়েছে। বিএনপি প্রার্থী মোঃ জাকির হোসেন বেলা ১ টায় আ’লীগ প্রার্থীর বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেয়।

এ ব্যাপারে আ’লীগ মনোনীত বিজয়ী প্রার্থী আনোয়ারুল ইসলাম বেবীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা তৎপর ছিল। তাই কারচুপির কোনও সুযোগ ছিল না। বিএনপি প্রার্থী পরাজয় নিশ্চিত জেনে নিজের সম্মান রক্ষার্থে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার তারিকুল আলম ও উপজেলা নির্বাচন অফিসার উৎপল বড়ুয়া বলেন, কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে সুষ্ঠভাবে ভোটাররা ভোটের অধিকার প্রয়োগ করতে পেরেছেন। নির্বাচনের দিন জুডিসিয়াল ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা দায়িত্ব পালন করেছেন।

এনএম