রাজশাহী নগরীর নওদপাড়া সিটি বাইপাস সড়কে বালিবাহী ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আসাদুজ্জামান সবুজ (২০) নামের এক যুবক নিহত হয়েছেন।

নিহত সবুজ নওগাঁ জেলার মান্দা থানার বিজয়পুর এলাকার বয়েজ উদ্দিনের ছেলে।

এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজশাহীর মহানগরীর শাহ মখদুম থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ হারুন জানান, বুধবার সকাল পৌনে ৯টার দিকে নওদাপাড়া বাইপাস সড়ক দিয়ে বালুবাহী একটি ট্রাক কাশিয়াডাঙ্গা মোড়ে যাচ্ছিল। পথে নওদপাড়া টার্মিনালের কাছে ট্রাকটি পৌঁছলে বিপরীত দিকে নওগাঁর বিজয়পুরগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়।

এসময় ট্রাক ও পিকআপ ভ্যানটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের যাত্রী আসাদুজ্জামান সবুজ মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে নিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। তবে আহতদের নাম জানাতে পারেননি তিনি।

জেআই