বান্দরবানের লামায় রামীণফোন মোবাইল অপারেটর কোম্পানির টাওয়ারের মালামাল বহনকারী ট্রাক খাদে পড়ে সাত জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে লামার ইয়ংছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে চারজনের নাম পাওয়া গেছে। তারা হলেন, রাজিব (৪০), রবিন (৩৫), আফতাব (৫৫) ও আমজাদ (৪৫)। তাদের সবার বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রহিমপুর গ্রামে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, সকালের দিকে গ্রামীণফোন মোবাইল অপারেটর কোম্পানির টাওয়ারের মালামাল নিয়ে একটি ট্রাক লামায় আসছিল। ইয়াংচা মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে এবং খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ৬ জন নিহত হন। আহত হন আরও ১০ জন। আহতদের উদ্ধার করে চকরিয়া ও কক্সবাজার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা যান।

পুলিশ ও সেনাবাহিনী ট্রাকটি উদ্ধারে কাজ করছে বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা সবাই একটি বেসরকারি মোবাইল অপারেটর কোম্পানির টাওয়ারে কাজ করতেন।

 

 

এমএম