রাজধানীর মতিঝিলে দুর্বৃত্তদের গুলিতে হোটেল কর্মচারী রিয়াদ (২০) নিহত হয়েছেন। নিহত রিয়াদ মতিঝিলের ঘরোয়া হোটেলের কর্মচারী। তিনি টিকাটুলীর স্বামীবাগ এলাকায় থাকতেন।

মঙ্গলবার দিবাগত রাত ১টায় শাপলা চত্ত্বর এ ঘটনা ঘটে।

নিহতের সহকর্মী জসিম ও রাজু জানান, তারা মতিঝিলের ঘরোয়া হোটেলে কাজ করেন। মঙ্গলবার রাতে কাজ শেষে হোটেলের ২ লাখ ২০ হাজার টাকা নিয়ে মালিক আরিফুল ইসলামের শান্তিনগরের পীর সাহেবের গলির বাসায় যাচ্ছিল। এ সময় শাপলা চত্বরে তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাকে থামার সিগন্যাল দেয় দুর্বৃত্তরা। অটোরিকশাটি না থামলে তারা সিএনজিকে লক্ষ্য করে গুলি চালায়। এতে রিয়াদের থুতনিতে গুলি লাগে।

আহতাবস্থায় রিয়াদকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক নিহতের ঘটনা নিশ্চিত করেছেন। নিহতের লাশ বর্তমানে ঢামেকের মর্গে রয়েছে।

এআই