কুষ্টিয়ায় রেললাইন থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ভেড়ামারা উপজেলা শহরের দক্ষিণ রেলগেটের কাছে পাশাপাশি দুটি রেললাইনের মাঝখান থেকে শুক্রবার সকাল ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

পোড়াদহ জিআরপি পুলিশের ওসি সুনীল কুমার ঘোষ স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকাল ৯টায় ভেড়ামারা শহরের দক্ষিণ রেলগেটের পাশে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি আরও জানান, লাশের কপালে ক্ষত ও মুখে রক্তের দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেন থেকে পড়ে ওই ব্যক্তির মৃত্যু হতে পারে। তার পরিচয় ও কীভাবে মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

এমই