বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হোসেন জীবন বলেছেন, আমরা সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়ার হত্যার বিচার চাই। বিচার হতে হবে সঠিকভাবে। অথচ প্রকৃত খুনিদের বাদ দিয়ে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে বিএনপি নেতা হারিছ চৌধুরী, সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র জিকে গউছকে কিবরিয়া হত্যা মামলার সম্পূরক চার্জশিটে অন্তর্ভূক্ত করা হয়েছে। অবিলম্বে তাদের নাম বাদ দিয়ে প্রকৃত খুনিদের গ্রেফতার করে কিবরিয়া হত্যার সঠিক বিচার করুন।
তিনি আরো বলেন, আমরা সিলেটবাসী’র উদ্যোগে সোমবার সিলেটে সকাল-সন্ধ্যা হরতালে বিএনপির সমর্থন রয়েছে। হরতালে দলীয় নেতাকর্মীদেরকে পিকেটিং করার আহবান জানান তিনি।
রোববার বিকালে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে কিবরিয়া হত্যা মামলার চার্জশিট থেকে সিসিক মেয়র আরিফের নাম বাদ দেয়ার দাবিতে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
জেলা বিএনপির আহবায়ক এডভোকেট নুরুল হকের সভাপতিত্বে ও বিএনপি নেতা আজমল বখত সাদেকের পরিচালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহবায়ক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শফি আহমদ চৌধুরী, দিলদার হোসেন সেলিম, বিএনপি নেতা নাসিম হোসাইন, বদরুজ্জামান সেলিম, এডভোকেট আব্দুল গফফার, আলী আহমদ, হুমায়ুন কবির শাহীন, মাহবুব চৌধুরী প্রমুখ।
এদিকে, কোর্ট পয়েন্টে জেলা ও মহানগর বিএনপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কুদরতউল্লাহ মার্কেটের দিক থেকে ছাত্রদলের একটি মিছিল সমাবেশে যোগ দেয়ার দু’তিন মিনিট পরই একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে প্রত্যদর্শী সূত্রে জানা গেছে।
জেআই





