সিলেটের দক্ষিণ সুরমার কদমতলীয় জালালাবাদ গ্যাসলাইনের পাইপ থেকে গ্যাস বেরিয়ে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুনে তিনটি গাড়ি পুড়ে গেছে। আহত অন্তত ৬ জন।
আাজ শুক্রবার দুপুর ১২টার দিকে দক্ষিণ সুরমায় কদমতলী বাস টার্মিনালের পাশের গ্যাসলাইনের পাইপ বিস্ফোরণে এ আগুনের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে তাঁরা হঠাৎ বিকট শব্দ শুনতে পান। গ্যাসলাইনের পাইপ ফেটে মাটির নিচ থেকে আগুন বের হতে দেখেন তাঁরা। আগুনে একটি মাইক্রোবাস, একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেল পুড়ে যায়।
হঠাৎ আগুনের সূত্রপাত হলে ঘটনাস্থলে থাকা অন্তত ছয় ব্যক্তি আহত হন। তাঁদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
পরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করে। এক ঘণ্টা অগ্নিকাণ্ডের পর জালালাবাদ গ্যাস অফিস লাইন বন্ধ করলে আগুন নিয়ন্ত্রনে আসে।
এদিকে, কদমতলী বাস টার্মিনালের মূল সড়কে আগুন লাগার ঘটনায় টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যেতে পারেনি। পাশাপাশি ওই সড়কে সকল প্রকার যানবাহন চলাচলও বন্ধ থাকে।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. হারুন অর রশিদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন নেভাতে তারা কাজ করে।
বেলা দুইটার দিকে ফায়ার সার্ভিসের তিনটি গাড়ির পানি শেষ হয়ে যায়। গ্যাসের চাপ কমে যাওয়ায় বেলা সোয়া দুইটার দিকে আগুন নেভে।
এমবি





