নড়াইলে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারীসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে।

আহতদের নড়াইল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।

রোববার (১৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা সাড়ে ১২টার দিকে নড়াইল থেকে মাওয়াগামী যাত্রীবাহী বাস (ফরিদপুর-ব- ০৫-০০৩২) শহরের অদূরে মালিবাগ মোড়ে পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে নারীসহ কমপক্ষে ২৫ জন আহত হয়।

স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে গুরুতর আহত ২ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান জানান, দুর্ঘটনার পর কিছু সময় যানবাহন চলাচল বন্ধ ছিল।

এমই