রাষ্ট্রপতি আবদুল হামিদ পাঁচ দিনের সরকারি সফরে বুধবার তার নিজ জেলা কিশোরগঞ্জ যাচ্ছেন।
এ সময় তার সঙ্গে তার বড় ছেলে সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিকসহ ৩০ জন সঙ্গী হবেন বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
সূত্র আরও জানান, রাষ্ট্রপতি আবদুল হামিদ দুপুর ১টায় হেলিকপ্টারে ঢাকা থেকে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা সদরে আসবেন।
এরপর হেলিপ্যাডের কাছে নির্মিতব্য একটি সেতু পরিদর্শন শেষে সেখানেই রাত্রিযাপন করবেন।
তিনি বৃহস্পতিবার সকাল ৭টায় নৌপথে মিঠামইন রওনা দেবেন। যাওয়ার সময় অষ্টগ্রাম, বাজিতপুর ও নিকলী উপজেলার কিছু প্রকল্প ও নদীভাঙন এলাকা পরিদর্শন করবেন।
এরপর শনিবার দুপুরে ইটনা থেকে করিমগঞ্জ উপজেলা হয়ে কিশোরগঞ্জ শহরের খরমপট্টি এলাকায় নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন।
রোববার বিকালের দিকে তিনি ঢাকার উদ্দেশে কিশোরগঞ্জ ত্যাগ করবেন বলে জানা গেছে।
ঢাকা, ১৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





